1823b68a2ce2a982fd6f8d8a06178889
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়ার গোবিন্দারখীল এলাকার পূর্বপাড়া গ্রামের একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত জায়হান ওই এলাকার শাহজাহান মিয়ার একমাত্র সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ প্রতিবেশীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়হান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। প্রথমে পরিবারের ধারণা ছিল, শিশুটি পুকুরে ডুবে থাকতে পারে। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে তল্লাশি চালানো হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
ঘটনার দিন বিকেলে শিশুটির ঘরের শয়নকক্ষে একটি হাতে লেখা চিঠি পাওয়া যায় বলে জানায় পরিবার। এতে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ ওই চিঠিটি জব্দ করে তদন্ত শুরু করে।
স্বজনদের অভিযোগ, টাকার জন্যই প্রতিবেশীরা শিশুটিকে অপহরণ করে এবং পরে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ময়লার ভাগাড়ে ফেলে রাখে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পটিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ভোরে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
জে আই